মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে চালু হওয়া এই উদ্যোগের মাধ্যমে নিম্নআয়ের ও অসহায় পরিবারের কাছে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।
বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে ১৫৫ জন ভাতাভোগীর মোবাইল ফোনে জুন মাসের ভাতার অর্থ সরাসরি পাঠানো হয়। একই সঙ্গে কয়েকটি দুস্থ ও অসহায় পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী। পরে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সুবিধাভোগীদের মোবাইল অ্যাকাউন্টে ভাতার অর্থ স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যকালে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারণ করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে রাষ্ট্রীয় সহায়তা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া। তিনি জানান, ডিজিটাল পদ্ধতিতে সরাসরি অর্থ স্থানান্তরের ফলে দুর্নীতি ও ভোগান্তি কমবে এবং প্রকৃত উপকারভোগীরা সহজেই সরকারি সহায়তা পাবেন।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছান। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসে অনুষ্ঠানে অংশ নেন। তার সফরকে ঘিরে শ্রীমঙ্গল ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সফরসূচি অনুযায়ী, অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে যান। সেখানে সংক্ষিপ্ত বিশ্রামের পর একটি রাজনৈতিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সভা শেষে সন্ধ্যায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মৌলভীবাজার জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেয়। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও সফরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণ করা হবে, যাতে আরও বেশি সংখ্যক নিম্নআয়ের পরিবার সরাসরি সরকারি সহায়তার আওতায় আসতে পারে।