সরকারের সমালোচনা কিংবা সরকারের বিরুদ্ধে মতামত প্রকাশের অধিকার সবার রয়েছে। তবে রাষ্ট্রের বিরুদ্ধে বিভ্রান্তিকর বা ক্ষতিকর ন্যারেটিভ তৈরি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে করণীয় নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারের সমালোচনা করা বা সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়া নাগরিকদের অধিকার। সরকারের বিরুদ্ধে কেউ ন্যারেটিভ তৈরি করলেও তার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।
সাইবার নিরাপত্তা আইন সংশোধনের উদ্যোগের কথা জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, এ বিষয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি কাজ করছে। জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনটিকে কীভাবে আরও কার্যকর ও শক্তিশালী করা যায়, তা নিয়ে আলোচনা চলছে।
তিনি জানান, সংশোধিত সাইবার নিরাপত্তা আইনে নারী ও শিশুর অনলাইন নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং, মানহানিকর প্রচার এবং নারীদের বিরুদ্ধে অপপ্রচারের কারণে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনে প্রয়োজনীয় বিধান যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আইন প্রণয়নের আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে ব্যাপক জনপরামর্শ নেওয়া হবে। একই সঙ্গে আইনটির যাতে কোনো ধরনের অপব্যবহার না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা রাখা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ঠেকাতে জনসচেতনতা ও নৈতিক শিক্ষার ওপরও গুরুত্ব দেন তিনি। এ লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও ও রিলস তৈরির উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, এসব সচেতনতামূলক কনটেন্ট স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারের পাশাপাশি তথ্য অফিস এবং সাংবাদিকদের সহযোগিতায় সাধারণ মানুষের কাছেও পৌঁছে দেওয়া হবে।