জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজ (শনিবার) বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিতব্য এই সংবাদ সম্মেলনে সরকারের গত পাঁচ মাসের কর্মকাণ্ড, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি এবং সাম্প্রতিক জাতীয় ইস্যু নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সরকারের বিভিন্ন উদ্যোগ ও নীতিগত সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দেওয়া হবে বলে জানা গেছে।
প্রেস সচিব সালেহ শিবলী বলেন, সরকারের লক্ষ্য নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা। গত পাঁচ মাসে বিভিন্ন খাতে অর্জিত অগ্রগতি এবং চলমান কর্মপরিকল্পনা সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরা হবে। তিনি আরও বলেন, জনগণকে ক্ষমতায়নের লক্ষ্য বাস্তবায়নে সরকার যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলোর হালনাগাদ তথ্যও উপস্থাপন করা হবে।
এ ছাড়া সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় ক্ষয়ক্ষতি, দুর্গত মানুষের জন্য সরকারের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, অবকাঠামো পুনর্গঠন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর শনিবার পাঁচ মাস পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে সরকারের কার্যক্রম, অর্জন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে এটিই প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।