Loading...

  • 28 Jul, 2026

শুধু শাস্তি নয়, সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক নির্মূল করতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শুধু শাস্তি নয়, সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক নির্মূল করতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশ থেকে মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ বা শাস্তিমূলক ব্যবস্থা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানকে সামাজিক আন্দোলনে রূপান্তর করতে পারলেই এ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে মাদক প্রতিরোধে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর ইতিবাচক ফলাফল ভবিষ্যতে পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। তিনি মনে করেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করাই এ সমস্যার মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, প্রশাসন এবং গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে সাংবাদিকদের মাদকের ভয়াবহতা ও এর সামাজিক ক্ষতি নিয়ে আরও বেশি প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান তিনি।

সভায় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফায়সাল আমিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, বিজিবি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে সরকার কাজ করছে বলেও সভায় জানানো হয়।