Loading...

  • 20 Sep, 2026
সর্বশেষ

শ্বাসকষ্ট ও শারীরিক জটিলতায় হাসপাতালে রিফাত চৌধুরী, প্রয়োজন আর্থিক সহায়তা

শ্বাসকষ্ট ও শারীরিক জটিলতায় হাসপাতালে রিফাত চৌধুরী, প্রয়োজন আর্থিক সহায়তা

কবি ও প্রবীণ অভিনেতা রিফাত চৌধুরী শারীরিক নানা জটিলতা নিয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগতে থাকা এই শিল্পীকে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে রিফাত চৌধুরী দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও নিদ্রাহীনতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। পরে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

অসুস্থতার মধ্যেও মানসিকভাবে দৃঢ় থাকার চেষ্টা করছেন রিফাত চৌধুরী। হাসপাতালেও তিনি কবিতা পড়ছেন বলে জানা গেছে। দীর্ঘদিনের সাহিত্য ও অভিনয়জীবনের সঙ্গে যুক্ত এই শিল্পীর দ্রুত সুস্থতার জন্য সহকর্মী, বন্ধু, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া কামনা করেছেন।

রিফাত চৌধুরীর অভিনয়জীবন দীর্ঘ ও বৈচিত্র্যময়। আশির দশক থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা এই অভিনেতা পাঁচ শতাধিক টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘ক্যারাম’ ও ‘মুড়ির টিন’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে তাকে দেখা গেছে। বিশেষ করে ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রটি তাকে দর্শকের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়।

অভিনয়ের পাশাপাশি সাহিত্য অঙ্গনেও রিফাত চৌধুরীর দীর্ঘ পথচলা রয়েছে। ১৯৮৪ সালে ‘আলিঙ্গনের নাম’ কবিতার মাধ্যমে তার সাহিত্যচর্চার শুরু। এরপর কবিতা ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে তার ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘মেঘের প্রতিভা’, ‘উঠন্ত বৃক্ষ্যের পত্র’, ‘বধির ব-দ্বীপ’, ‘সমুদ্রে নুনের পুতুল’, ‘সুপ্রভাত, সূর্য্য’ এবং ‘আমি একজন ভৌগোলিক’।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই গুণী শিল্পীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে বলে জানা গেছে। তার চিকিৎসা অব্যাহত রাখতে সহকর্মী, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সংশ্লিষ্টরা।

অসুস্থতার এই সময়ে রিফাত চৌধুরী আবারও অভিনয় ও কবিতার জগতে ফিরতে চান। তার দীর্ঘদিনের সাংস্কৃতিক অবদানের কথা স্মরণ করে সহকর্মী ও ভক্তরা তার পাশে থাকার প্রত্যাশা করছেন।