তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট ও পেজ পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে মন্ত্রীর নামে অনুমোদনহীন বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য ও বিভিন্ন ধরনের কনটেন্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি এবং অনৈতিক বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি মন্ত্রীর পরিচয় ব্যবহার করে পরিচালিত ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজের সংখ্যা বেড়েছে। এ ধরনের কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবেও বিবেচিত হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নামে একটিমাত্র ভেরিফায়েড (ব্লু ব্যাজ) ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এর বাইরে তার নামে পরিচালিত অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা বা অনুমোদন নেই।
মন্ত্রণালয় জনসাধারণকে এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রচারিত তথ্য বা কনটেন্টে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট বা পেজ শনাক্ত হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করার অনুরোধও করা হয়েছে।