Loading...

  • 28 Jul, 2026

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই এ রিট দায়ের করা হয়।

সোমবার (২৭ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন হাইকোর্টে রিটটি দায়ের করেন।

রিটকারী আইনজীবী জানান, বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে।

রিটের পেছনে সম্প্রতি প্রকাশিত পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)-এর একটি গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থাটি দেশের বাজারে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে। ওই পরীক্ষায় ২৬টি নমুনায়, অর্থাৎ প্রায় ৭৬ দশমিক ৫ শতাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গবেষণার ফলাফল প্রকাশের পর জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে বাজারে বিক্রি হওয়া টুথপেস্টগুলোর মান, উপাদান এবং মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন রিটকারী।

রিটের শুনানির পর আদালতের নির্দেশনার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।