বেবি পাউডারসহ ট্যালকভিত্তিক পণ্য ব্যবহারে ডিম্বাশয়ের ক্যানসারসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির অভিযোগে দায়ের হওয়া হাজারো মামলা নিষ্পত্তিতে প্রায় ৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধে সম্মত হয়েছে বহুজাতিক স্বাস্থ্যসেবা ও ভোক্তা পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন (J&J)। এ সমঝোতার মাধ্যমে প্রায় এক দশক ধরে চলা আইনি বিরোধের বড় একটি অধ্যায়ের অবসান ঘটতে পারে।
সোমবার (২৭ জুলাই) ঘোষিত এই সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির ফেডারেল ও বিভিন্ন অঙ্গরাজ্যের আদালতে বিচারাধীন প্রায় ৭৬ হাজার মামলা অন্তর্ভুক্ত হবে। তবে চুক্তিটি কার্যকর হতে হলে সংশ্লিষ্ট মামলার অন্তত ৯৫ শতাংশ আবেদনকারীর সম্মতি প্রয়োজন হবে।
জনসন অ্যান্ড জনসনের লিটিগেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিক হাস বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আনা অভিযোগগুলো তাদের দৃষ্টিতে ভিত্তিহীন। তবুও দীর্ঘমেয়াদি আইনি লড়াই থেকে বেরিয়ে এসে ব্যবসায়িক কার্যক্রমে আরও বেশি মনোযোগ দেওয়ার লক্ষ্যেই তারা সমঝোতার পথ বেছে নিয়েছে।
সমঝোতা অনুযায়ী, ২০২৭ সালে ৩ বিলিয়ন ডলার এবং ২০২৮ সালে অবশিষ্ট অর্থ পরিশোধ করা হবে। তবে বাদীপক্ষের আইনজীবী ক্রিস সিগারের দাবি, আবেদনকারীর সংখ্যা বাড়লে মোট ক্ষতিপূরণের পরিমাণ ৭ বিলিয়ন ডলার বা তারও বেশি হতে পারে।
জনসন অ্যান্ড জনসন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের ট্যালকভিত্তিক পণ্য নিরাপদ এবং এতে ক্যানসার সৃষ্টিকারী অ্যাসবেস্টস নেই। তবে ক্রমবর্ধমান আইনি জটিলতার মধ্যে প্রতিষ্ঠানটি ২০২০ সালে যুক্তরাষ্ট্রে ট্যালকভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে কর্নস্টার্চভিত্তিক বিকল্প পণ্য বাজারে আনে।
এর আগে দেউলিয়া সুরক্ষার আবেদন করে মামলাগুলো নিষ্পত্তির চেষ্টা করলেও তা আদালতে সফল হয়নি। পরে মামলাগুলো পুনরায় সক্রিয় হলে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এই বড় অঙ্কের সমঝোতায় পৌঁছায়।