Loading...

  • 26 Jul, 2026

উত্তরাঞ্চলে বাড়তে পারে ভারী বৃষ্টি, চট্টগ্রামে কমছে বর্ষণের তীব্রতা

উত্তরাঞ্চলে বাড়তে পারে ভারী বৃষ্টি, চট্টগ্রামে কমছে বর্ষণের তীব্রতা

দেশের উত্তরাঞ্চলে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে টানা কয়েক দিনের বৃষ্টির পর চট্টগ্রাম ও আশপাশের এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা কমতে শুরু করেছে। পরিস্থিতির আরও উন্নতি হলে উপকূলীয় অঞ্চলে জারি থাকা সতর্কতা সংকেতও শিগগির প্রত্যাহার করা হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শনিবার (১১ জুলাই) রাজধানীর আবহাওয়া অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এসব অঞ্চলের বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শও দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের তুলনায় চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলে চট্টগ্রাম ও উপকূলীয় এলাকায় আবহাওয়ার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং পরিস্থিতি অনুকূলে থাকলে সতর্কতা সংকেত প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে আমবাগানে। এছাড়া যশোরে ৮৯ মিলিমিটার, বান্দরবানে ৮০ মিলিমিটার, রাঙামাটিতে ৭৭ মিলিমিটার, সিলেটে ৬৫ মিলিমিটার, রাজশাহীতে ৬২ মিলিমিটার, সাতক্ষীরায় ৬১ মিলিমিটার, হাতিয়ায় ৫৫ মিলিমিটার, ঢাকায় ৪৬ মিলিমিটার, আরিচায় ৪২ মিলিমিটার, সৈয়দপুরে ৩৭ মিলিমিটার, ভোলায় ৩৪ মিলিমিটার এবং চট্টগ্রামে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এর আগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছিল, টানা ভারী বর্ষণের কারণে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আরও কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি কমতে শুরু করলেও গোমতী নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরীসহ কয়েকটি নদীর পানি ধীরে ধীরে কমতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিরও পর্যায়ক্রমে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।