Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান পরাগ জৈন। সরকারি সফরে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশে এসেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে পরাগ জৈনের এ সফর অনুষ্ঠিত হচ্ছে। তবে তার সফর নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

পরাগ জৈনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। তারা রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরকালে প্রতিনিধি দলটি ঢাকার একটি হোটেলে অবস্থান করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরাগ জৈন বর্তমানে ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (RAW) সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (SPG) স্পেশাল সেক্রেটারি হিসেবেও দায়িত্বে রয়েছেন।

বাংলাদেশে আসার আগে পরাগ জৈন চীন সফর করেছেন বলেও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে ঢাকায় তার সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য, আলোচ্য বিষয় কিংবা বাংলাদেশি কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠকের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

সাম্প্রতিক সময়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ দৃশ্যমান হয়েছে। এর আগে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী দিল্লি সফরে গিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের পাশাপাশি ‘র’-প্রধান পরাগ জৈনের সঙ্গেও বৈঠক করেছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

এর ধারাবাহিকতায় ‘র’-প্রধানের ঢাকায় সফরকে দুই দেশের নিরাপত্তা ও কূটনৈতিক যোগাযোগ পুনরুজ্জীবিত করার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে সফরের প্রকৃত উদ্দেশ্য বা আলোচনার ফলাফল সম্পর্কে আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

সূত্র: দৈনিক ইত্তেফাক