Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

ভিপির ক্ষমা দাবি, ততদিন রাকসুর সংবাদ বয়কটের ঘোষণা রাবির সাংবাদিকদের

ভিপির ক্ষমা দাবি, ততদিন রাকসুর সংবাদ বয়কটের ঘোষণা রাবির সাংবাদিকদের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের উদ্দেশে করা ‘ব্যবস্থা নেওয়ার’ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে রাকসুর সব কার্যক্রমের সংবাদ সংগ্রহ ও প্রচার বয়কটের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের তিনটি সাংবাদিক সংগঠন। ভিপি প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার জ্ঞানচর্চা ও গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। সম্প্রতি প্রক্টর দপ্তরকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার পর রাকসু ভবন এবং পরে গ্রন্থাগারে সংঘটিত হামলার ঘটনায় শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এ ঘটনাকে ঘিরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে রাকসু ভিপি সাংবাদিকদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলেন এবং ‘ব্যবস্থা নেওয়ার’ হুমকি দেন, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন সাংবাদিক নেতারা।

সংগঠনগুলোর অভিযোগ, ভিপি কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই সাংবাদিকদের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পক্ষ নেওয়ার অভিযোগ করেন। পাশাপাশি ‘মায়াকান্না’সহ বিভিন্ন মন্তব্য করে সাংবাদিকদের উদ্দেশে হুমকিমূলক ভাষা ব্যবহার করেন। এছাড়া রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারসহ কয়েকজন নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকদের নিয়ে কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সাংবাদিক নেতাদের ভাষ্য, কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে তার প্রতিবাদ বা ব্যাখ্যা দেওয়া যেতে পারে। কিন্তু সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ট্যাগিং, ভয়ভীতি প্রদর্শন বা হুমকি দেওয়া মতপ্রকাশের স্বাধীনতা এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। তারা আরও বলেন, কোনো সংগঠন নিষিদ্ধ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রাষ্ট্র ও আইন প্রয়োগকারী সংস্থার, কোনো ছাত্রসংগঠন বা ছাত্রনেতার নয়।

যৌথ বিবৃতিতে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা না চাইলে সারা দেশের সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিবৃতিতে স্বাক্ষর করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মীর কাদির, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আশিকুল ইসলাম ধ্রুব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূর আহসান।

উল্লেখ্য, গত সোমবার ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত বিভিন্ন সংবাদকে ‘রাকসু ও ছাত্রশিবিরবিরোধী’ দাবি করে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ সাংবাদিকদের বিরুদ্ধে ‘ব্যবস্থা নেওয়ার’ হুঁশিয়ারি দেন। তার ওই বক্তব্যের পরই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।