Loading...

  • 26 Jul, 2026

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, দেশের পানি ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন ও উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের স্বার্থে সরকার যেকোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বক্তব্যে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ সরকারকে দায়িত্ব দিয়েছে এবং সেই আস্থার মর্যাদা রক্ষা করা সরকারের পবিত্র দায়িত্ব। তিনি বলেন, সরকারের মূল দর্শন হলো ‘সবার আগে বাংলাদেশ’ এবং ‘সবার জন্য বাংলাদেশ’। এই নীতিকে সামনে রেখেই একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে নতুন বাজেট প্রণয়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী এবারের বাজেটকে “জীবনবান্ধব বাজেট” হিসেবে উল্লেখ করে বলেন, অর্থনীতিকে মুষ্টিমেয় সুবিধাভোগী গোষ্ঠীর প্রভাবমুক্ত করে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হবে।

তিনি বলেন, নতুন বাজেটে তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, দরিদ্র, নিম্নআয় ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা জোরদার করা। দ্বিতীয়ত, অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের অনিয়ম দূর করা। তৃতীয়ত, বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি করে অর্থনীতির গতি ত্বরান্বিত করা।

সম্প্রতি মালয়েশিয়া ও চীন সফরের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ এখন অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ ও শিল্পায়নের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে বর্ষাকালে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষকসহ সাধারণ মানুষের ব্যবহারের জন্য সরবরাহ করা হবে। একইসঙ্গে তিনি দৃঢ়ভাবে ঘোষণা দেন যে, তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনাও জাতীয় স্বার্থে বাস্তবায়ন করা হবে।

এদিকে সংসদে বাজেট আলোচনার আগে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদকে জানান, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের নির্বাচনী এলাকাগুলোতে প্রায় ২০ কোটি টাকার মসজিদ, কবরস্থান ও ঈদগাহ উন্নয়ন প্রকল্পে অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, পরবর্তীতে সিটি করপোরেশন এলাকাগুলোতেও জেলা পরিষদের মাধ্যমে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে।