ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা-মানকাচার এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার দুপুরে সংঘটিত এই ভূমিকম্পের কম্পন বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতেও অনুভূত হয়েছে, ফলে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকাভারির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূমিকম্পটির কেন্দ্র ভূপৃষ্ঠের কাছাকাছি ছিল, যদিও সুনির্দিষ্ট গভীরতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগভীর ভূমিকম্প হওয়ায় উৎপত্তিস্থল ও আশপাশের এলাকায় কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়। এর প্রভাব বাংলাদেশের উত্তরাঞ্চলেও স্পষ্টভাবে টের পাওয়া গেছে।