Loading...

  • 25 May, 2026

বগুড়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

বগুড়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

বগুড়া শহরে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ তরুণের বিরুদ্ধে। রোববার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে শহরের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত তিন তরুণকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন বগুড়া সদর উপজেলার কাওছার (১৯), বাঁধন (১৯) ও রকি (১৯)। এ ঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ভুক্তভোগী তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলার তদন্ত শুরু হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। তিনি বিবাহিত এবং অভিযুক্ত কয়েকজনের সঙ্গে পূর্বপরিচিত ছিলেন। রোববার রাত আটটার দিকে তিনি শহরের একটি দোকানে যান। সেখানে অভিযুক্ত কাওছার, বাঁধন, সাদিকসহ কয়েকজন উপস্থিত ছিলেন। পরে সবাই মিলে মদ্যপানের পরিকল্পনা করেন। স্থানীয় একটি হোটেলের বার থেকে মদ সংগ্রহ করে তারা একটি নির্মাণাধীন ভবনে যান। সেখানে আরও একজন যোগ দেন।

তরুণীর অভিযোগ, মদ্যপানের একপর্যায়ে অভিযুক্তরা তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে অভিযুক্ত বাঁধন তাঁকে অন্য এলাকায় নিয়ে গেলে তিনি চিৎকার করে স্থানীয়দের সহায়তা চান। এ সময় বাঁধন পালিয়ে যান। খবর পেয়ে ফুলবাড়ী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির গুরুত্ব বিবেচনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িত অন্যদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ট্যাগ:
বগুড়া, দলবদ্ধ ধর্ষণ, তরুণী ধর্ষণ, বগুড়া সদর থানা, পুলিশ, আটক, নারী নির্যাতন, অপরাধ সংবাদ, নির্মাণাধীন ভবন, মামলা

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy