আকাশজুড়ে মেঘ, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি— আর সেই সঙ্গে অনেকের মনেই জাগে একটাই ইচ্ছা, গরম গরম খিচুড়ি খাওয়ার। বৃষ্টির দিনের সঙ্গে খিচুড়ির এই সম্পর্ক যেন বাঙালির সংস্কৃতি ও আবেগেরই অংশ হয়ে গেছে। কিন্তু কেন বৃষ্টি এলেই খিচুড়ির কথা মনে পড়ে? এর পেছনে রয়েছে ইতিহাস, জীবনযাপন, ঐতিহ্য এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাও।
খিচুড়ির রয়েছে নানা রূপ ও স্বাদ। কেউ পছন্দ করেন মুগ ডালের ভুনা খিচুড়ি, কেউ ঝোলযুক্ত পাতলা খিচুড়ি, আবার অনেকে সবজি, ডিম বা মাংস মিশিয়ে রান্না করেন। তবে এর জনপ্রিয়তার শিকড় অনেক পুরোনো।
ইতিহাসবিদদের মতে, একসময় বাউলদের অন্যতম প্রধান খাবার ছিল খিচুড়ি। বিভিন্ন এলাকায় গান গেয়ে চাল ও ডাল সংগ্রহ করে সেগুলো একসঙ্গে রান্না করেই তারা খাবার তৈরি করতেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই সহজ খাবারই বাঙালির অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী পদে পরিণত হয়।
গ্রামবাংলার বর্ষাকালেও খিচুড়ির জনপ্রিয়তার বিশেষ কারণ ছিল। টানা বৃষ্টিতে বাজারে যাওয়া কঠিন হয়ে পড়ত, জ্বালানির কাঠও ভিজে থাকত। তখন ঘরে থাকা চাল, ডাল ও মৌসুমি সবজি দিয়েই সহজে অল্প সময়ে রান্না করা যেত পুষ্টিকর খিচুড়ি। ধীরে ধীরে এই অভ্যাসই বৃষ্টির দিনের অবিচ্ছেদ্য সংস্কৃতিতে রূপ নেয়।
বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির দিনে আবহাওয়া ঠান্ডা হয়ে যাওয়ায় শরীর স্বাভাবিকভাবেই গরম ও আরামদায়ক খাবারের প্রতি আকৃষ্ট হয়। খিচুড়ি সহজপাচ্য, পুষ্টিকর এবং এতে থাকা কার্বোহাইড্রেট ও প্রোটিন শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগায়। ফলে এটি শুধু সুস্বাদুই নয়, বরং স্বাস্থ্যসম্মত খাবার হিসেবেও বেশ উপযোগী।
এ ছাড়া বৃষ্টির দিন অনেকের মনে শৈশবের স্মৃতি ফিরিয়ে আনে। পরিবারের সঙ্গে বসে মায়ের হাতে রান্না করা গরম খিচুড়ির স্বাদ, বৃষ্টির শব্দ আর ছুটির দিনের অলস বিকেল— এসব স্মৃতিই খিচুড়িকে বৃষ্টির দিনের সবচেয়ে প্রিয় খাবারে পরিণত করেছে।