শাপলা চত্বরের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল হক বাবু এবং ফারজানা রুপাকে আগামী ১৪ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
আদেশে বলা হয়, নিহতের তথ্য গোপন এবং ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগে তাদের ওই তারিখে ট্রাইব্যুনালে হাজির করা হবে। বর্তমানে তিনজনই পৃথক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।
পরে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের অভিযানের সময় কিছু গণমাধ্যম পরিকল্পিতভাবে তথ্য আড়াল এবং বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। তিনি আরও দাবি করেন, সেদিন রাতের অন্ধকারে হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং পরে ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়।
তিনি বলেন, ওই সময় ইন্টারনেট ও টেলিভিশন সম্প্রচার বন্ধসহ নানা বিতর্কিত ঘটনার সঙ্গে জড়িতদেরও বিচারের আওতায় আনা হবে।
এদিকে হেফাজতে ইসলামের নেতারা চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করে দাবি করেছেন, শাপলা চত্বরের ঘটনায় নিহতের সংখ্যা সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি ছিল।